কর্মশালায় মোবাইলে তৈরি দুই চলচ্চিত্র

২৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৪৩  
মোবাইলে ‘আইসক্রিম’ এবং ‘অনল’ নামে দুটি চলচ্চিত্র নির্মাণ করেছে সহজপাঠ হাইস্কুল এবং স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবসহ বিশ্বের নানা চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র দুটি জমা দিয়েছে। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত চার দিনব্যাপী মোবাইলে চলচ্চিত্র নির্মাণবিষয়ক কর্মশালায় অংশ নিয়ে তারা এই চলচ্চিত্র তৈরি করা হয়। কর্মশালাটি পরিচালনা করেন ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের নির্বাহী উপদেষ্টা জাহিদ গগন। শনিবার (২৮ সেপ্টেম্বর) কর্মশালার শেষ দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবাইল জার্নালিস্ট এবং মোবাইল চলচ্চিত্র নির্মাতা জামিল খান, ইউল্যাবের সহকারী অধ্যাপক এবং ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের উপদেষ্টা মোহাম্মদ সাজ্জাদ হোসেন। প্রসঙ্গত, ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের ষষ্ঠ আসরের জন্য চলচ্চিত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ৩১ অক্টোবর। নতুন প্রজন্ম, নতুন প্রযুক্তি ও নতুন যোগাযোগ—এই স্লোগান সঙ্গী করে মোবাইল ফোনের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণকে উৎসাহিত করার লক্ষ্যে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু হয় ২০১৫ সালে।